রাজশাহীর তানোরে ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা সদরের ইসলাম শেখের ছেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। শনিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন বলে তারা জানেন। চারদিন আগে বাবু তার স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাবু যাদের সঙ্গে কাজে যান, তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাদের একজন ফোন করে জানান যে, তানোরে বিদ্যুৎস্পৃষ্টে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে।
এই খবর শুনে গত বৃহস্পতিবার তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তারা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তারা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন। শনিবার সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তারা নিশ্চিত হয়েছেন যে, এটি বাবুরই মরদেহ।
এ বিষয়ে তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।