সাফ ফুটবলের সেমিফাইনালের আগে খাবার নিয়ে অসন্তোষ কাটেনি ভারতীয় দলের। মালদ্বীপকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার পর বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দলটির কোচ নওশাদ মুসা। সে সময় সমস্যা সমাধানের আশ্বাস পেলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন তিনি।
আগামীকাল বেলা ৩টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে নয়বারের সাফ চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে খাবারের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ বলেন, ‘এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়নি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি (খাবার সমস্যা) সমাধান করা হবে।’
এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরও খাবারের মান ও তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় কোচ। তিনি বলেছিলেন, আতিথেয়তা নিয়ে কোনো অভিযোগ নেই, তবে খাবারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দলকে।
নওশাদের ভাষ্য, খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট একটি খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় অনুসরণ করা সম্ভব নয়। বিশেষ করে ম্যাচের দিন খেলোয়াড়দের খাবারের চাহিদা এক রকম থাকে না। ম্যাচের আগে তারা কম খেলতে চাইলেও খেলা শেষে প্রয়োজন হয় পুষ্টিকর ও পর্যাপ্ত খাবারের। কিন্তু প্রতিদিন একই ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে।
খাবার নিয়ে অসন্তোষ থাকলেও ঢাকার আবহাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই ভারত কোচের। তাঁর মতে, ভারতের আবহাওয়ার সঙ্গে ঢাকার আবহাওয়ার যথেষ্ট মিল রয়েছে। ফলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দেরও এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না।
এ প্রসঙ্গে নওশাদ বলেন, ‘আবহাওয়া মোটেও কোনো সমস্যা নয়। কারণ, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এখানকার আবহাওয়ার বেশ মিল রয়েছে। শুধু পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াটাই আমাদের একমাত্র উদ্বেগের বিষয়।’
তবে খাবার কিংবা অনুশীলনসংক্রান্ত সমস্যা নিয়ে পড়ে থাকতে চান না ভারতীয় কোচ। তাঁর পুরো মনোযোগ এখন ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার দিকে। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে চান, নাকি পাকিস্তানের—এমন ভাবনাও আপাতত করছেন না তিনি।
নওশাদ বলেন, কোন প্রতিপক্ষকে পাওয়া যাবে, সেটি তাদের হাতে নেই। বরং নির্দিষ্ট দিনে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই আপাতত ভুটান ম্যাচকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।
ভুটানকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না ভারতের কোচ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা পর্যবেক্ষণ করে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। ভুটানের দ্রুতগতির খেলোয়াড়, সংগঠিত রক্ষণভাগ এবং পাল্টা আক্রমণের সামর্থ্যকে বিশেষভাবে সমীহ করছেন নওশাদ।
তাঁর সতর্কবার্তা, ভুটান সুযোগ পেলে গোল করতে পারে। তাই ভারতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড়দের পুরো ম্যাচজুড়ে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়েও এখনই ভাবতে চান না নওশাদ। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠা। এদিকে সেমিফাইনালের একাদশে বড় কোনো পরিবর্তন আনারও পরিকল্পনা নেই ভারতীয় কোচের। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় আরও ভালো করতে আগের দলটিই ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূএঃপ্রথম আলো