রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। এ পর্যন্ত দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জেলেনস্কি বলেন, বন্দিবিনিময়ের বিষয়ে রাশিয়া সম্মতি দিয়েছে। তাঁর ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাম্প্রতিক আলোচনার অগ্রগতির কথাও তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় নতুন আশার সৃষ্টি করেছে।
জেলেনস্কি জানান, বন্দিবিনিময় ও যুদ্ধের অবসান নিয়ে আরও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠক থেকে দৃশ্যমান অগ্রগতি আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। আলোচনার মাধ্যমে দুই দেশকে যুদ্ধ বন্ধের কাছাকাছি নিয়ে যাওয়ার ওপরও জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে তাঁরা পৃথক কোনো পক্ষ হিসেবে নয়, আলোচক দলের অংশ হিসেবেই যুক্ত হবেন।
ইউরোপের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, আলোচনায় ইউরোপের মতামত দেওয়ার সুযোগ থাকা জরুরি। কারণ, যুদ্ধটি ইউরোপের ভূখণ্ডে চলছে এবং ভবিষ্যতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে। ইউরোপের সম্পৃক্ততা দেশটির সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
সূত্র: যুগান্তর