পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর এবার বিনোদন জগতে নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠের বাইরেও নিজের ব্যবসায়িক ও বিনোদন সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে প্রথম টেলিভিশন সিরিজে কাজ শুরু করেছেন তিনি। ফুটবলকেন্দ্রিক এই সিরিজের নাম ‘ডে ওয়ান্স’। এতে নিজের চরিত্রেই পর্দায় দেখা যাবে পর্তুগিজ এই তারকাকে।
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছেন রোনালদো। এ উদ্দেশ্যে দুজন মিলে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওজ’। ৪১ বছর বয়সী রোনালদো শুধু অভিনয়ই করছেন না, সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুটিং শুরুর খবর নিজেই জানিয়েছেন রোনালদো। সেখানে ৬৮১ মিলিয়ন অনুসারীর উদ্দেশে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ পোস্টের সঙ্গে শুটিং সেটের কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ছবির একটিতে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের দৃশ্য দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, সিরিজটিতে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ ও নানা অনুষঙ্গ তুলে ধরা হবে।
‘ডে ওয়ান্স’-এর গল্পে আধুনিক ফুটবল দুনিয়ার বিপুল অর্থ, প্রতিযোগিতা ও চাপের বিষয়গুলো গুরুত্ব পাবে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডাল্টন—একজন কাল্পনিক ব্রিটিশ ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল ঘিরে তীব্র প্রতিযোগিতার মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তাকে।
স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। সিরিজটিতে আরও রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভ। রোনালদোর প্রকাশ করা শুটিংয়ের ছবিতে তাঁদের দুজনকেও দেখা গেছে। এ ছাড়া আর্সেনাল ও ফ্রান্সের সাবেক ফুটবল তারকা থিয়েরি অঁরিও থাকছেন সিরিজে। তিনিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
বর্তমানে সিরিজটির শুটিং চলছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। নির্মাণ ও মুক্তির পরবর্তী খবরের জন্য অপেক্ষায় রয়েছেন রোনালদোর ভক্তরা।
ফুটবলের পাশাপাশি ব্যবসা ও বিনোদন অঙ্গনেও নিজের উপস্থিতি বাড়াচ্ছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ‘ডে ওয়ান্স’-এ যুক্ত হওয়াকে তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সূএঃযুগান্তর