ব্যবসা শুরু কিংবা আয়বর্ধক কাজে যুক্ত হতে চান, কিন্তু অর্থের অভাবে পিছিয়ে আছেন—এমন প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের জন্য বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারাও বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।
এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। ব্যক্তিগত পর্যায়ে ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ থাকবে। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ নতুন নীতিমালা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত এবং বিতরণপ্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, তাদের জীবনমান উন্নয়ন এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো।
**কারা পাবেন এই ঋণ**
নতুন নীতিমালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঋণের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, কামার, কুমার, চর্মকার, স্বর্ণকার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। পাশাপাশি ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ফেরিওয়ালা, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক, আচার ও পিঠা প্রস্তুতকারীরাও এ সুবিধা পাবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা ঋণের জন্য বিবেচিত হবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ তালিকায় রয়েছেন।
এ ছাড়া ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবার তৈরির মতো আয়বর্ধক কাজে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন। সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।
**কৃষক, নারী ও প্রবাসী পরিবারের জন্য অগ্রাধিকার**
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। এ জন্য তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে বিশেষভাবে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
এ ছাড়া নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার বাসিন্দা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও এ সুবিধার আওতায় আনা হয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ যেকোনো আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।
নারী উদ্যোক্তাদের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তহবিল থেকে বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের দিতে হবে।
**শিক্ষার্থীরাও পাবেন ঋণ**
এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
**একক ঋণ ১০ লাখ, দলগতভাবে ৪০ লাখ টাকা**
নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। আর দলগতভাবে ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা।
এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। তবে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে ঋণ পরিশোধের দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই ব্যাংক হিসাবেই জমা হবে।
**সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ, জামানত লাগবে না ৫ লাখ পর্যন্ত**
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত দিতে হবে না। তবে এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাওয়া যাবে।
২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক চাইলে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব অর্থ থেকে পরিশোধ করতে হবে।
ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচির আওতায় অর্থায়ন করতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়ার সুযোগ থাকবে। গ্রাহকের সুবিধা অনুযায়ী ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে।
ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
**যেভাবে আবেদন ও ঋণ পাওয়া যাবে**
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে।
এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে প্রসেসিং ফি বা অন্য কোনো অজুহাতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস পর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।
সব মিলিয়ে জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রচলিত ব্যাংকঋণ থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতেই এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সূএঃপ্রথম আলো