বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে পেস আক্রমণে ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডে ছয়জন পেসার রাখলেও সিরিজের প্রথম টেস্টে আনরিখ নর্কিয়াকে পাচ্ছে না প্রোটিয়ারা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না দলটি। তবে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। গেবারার সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত ওই ম্যাচের পর কেপটাউনে সিরিজের শেষ টেস্টেও খেলতে পারেননি তিনি। পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করে দক্ষিণ আফ্রিকা।

তবে ৩২ বছর বয়সী এই পেসারকে প্রথম টেস্টে খেলানো কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর আশা, দ্বিতীয় টেস্টের আগেই পুরোপুরি ম্যাচ খেলার উপযোগী হয়ে উঠবেন নর্কিয়া।

সংবাদমাধ্যমকে কনরাড বলেন, সেন্ট জর্জেস পার্কে টেস্ট চলাকালেই নর্কিয়ার স্ক্যান করানো হয়েছিল। পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। শুরুতে যে ধরনের আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন এবং বেশ আগেই অনুশীলন শুরু করেছেন। বর্তমানে ধীরে ধীরে তাঁর কাজের চাপ বাড়ানো হচ্ছে।

কোচ আরও জানান, সিরিজের অন্তত একটি টেস্টে নর্কিয়াকে বিবেচনায় রাখা হবে। তবে প্রথম ম্যাচের পরিবর্তে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়ার সম্ভাবনাই বেশি।

নর্কিয়া প্রথম টেস্টে না খেললে দক্ষিণ আফ্রিকার পেসারদের সংখ্যা ছয় থেকে কমে পাঁচে দাঁড়াবে। স্কোয়াডের অন্য পেসাররা হলেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন। তবে প্রথম টেস্টে স্পিনার ছাড়া বোলিং আক্রমণ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোচ কনরাড।

এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন নম্বর ব্যাটিং পজিশনে টনি ডি জর্জি নাকি জুবায়ের হামজাকে খেলানো হবে, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ আফ্রিকা।

আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
সূএঃপ্রথম আলো