ভিডিও নির্মাতাদের জন্য আয়ের যোগ্যতা অর্জনের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন কনটেন্ট নির্মাতাদের বিজ্ঞাপন থেকে আয় শুরু করার শর্ত আরও কঠিন করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার, শর্টস ভিউ ও সাবস্ক্রাইবার অর্জন করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এ নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) যুক্ত হয়ে আয় করতে আগ্রহী নতুন নির্মাতাদের জন্য চ্যালেঞ্জ বাড়বে। বিশেষ করে যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলে কনটেন্ট তৈরির মাধ্যমে আয়ের পরিকল্পনা করছেন, তাদের কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
**আয়ের জন্য পূরণ করতে হবে যে তিন শর্ত**
নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে বিজ্ঞাপনের আয় পেতে নির্মাতাদের তিনটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—
১. গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার অর্জন করতে হবে।
২. গত ৯০ দিনে শর্টস ভিডিওতে কমপক্ষে ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।
৩. চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।
বর্তমানে প্রচলিত নিয়মে বিজ্ঞাপন থেকে আয় করতে গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ প্রয়োজন হয়। নতুন নিয়মে ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।
তবে এ পরিবর্তনের কারণে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় থাকা নির্মাতাদের আয়ে প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। মূলত নতুন নির্মাতাদের জন্যই বাড়তি শর্ত কার্যকর হবে। ফলে আগামী বছর ইউটিউব থেকে আয় শুরু করতে আগ্রহীদের এখন থেকেই চ্যানেলের দর্শকসংখ্যা ও কনটেন্টের মান বাড়ানোর দিকে নজর দিতে হবে।
**কেন কঠোর হচ্ছে আয়ের নিয়ম?**
নিয়ম পরিবর্তনের পেছনে ইউটিউব আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতার সংখ্যা ও প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ পাওয়ার যোগ্যতা যাচাই আরও কঠোর করতে চাইছে প্রতিষ্ঠানটি।
**ইনস্টাগ্রাম কি সুবিধা পাবে?**
ইউটিউবের নতুন নিয়মের ফলে বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রামের প্রতি নতুন নির্মাতাদের আগ্রহ বাড়তে পারে। বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে ইউটিউবে বাড়তি যোগ্যতা অর্জনের প্রয়োজন হলে অনেকেই ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরির দিকে ঝুঁকতে পারেন। তবে আয়ের সম্ভাবনা ও পদ্ধতির দিক থেকে ইউটিউব এখনো অনেক নির্মাতার কাছে আকর্ষণীয় প্ল্যাটফর্ম।
অন্যদিকে, একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও তাদের কনটেন্ট নীতিতে পরিবর্তন এনে মৌলিক কনটেন্ট নির্মাতাদের গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
সূত্র:যুগান্তর