বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজ, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজের জন্য ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের লাখো ব্যবহারকারী চরম ভোগান্তিতে পড়েছেন।
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ পাওয়া গেছে। ডাউনডিটেক্টরের হিসাবে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে সেবাগুলো স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য সমস্যায় আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রযুক্তিগত সমস্যায় সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকায় রয়েছে আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং এক্সচেঞ্জ অনলাইন। এসব সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল আদান-প্রদান, ফাইল সংরক্ষণ ও বিনিময়, অনলাইন সভা এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা ‘ডিফেন্ডার’ও এ বিভ্রাটের প্রভাবের আওতায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের সেবায় এ অচলাবস্থার প্রভাব শুধু অনলাইন যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ সেবা এবং পণ্য অর্ডারসহ নানা ডিজিটাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় একই ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল। গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
সূএঃযুগান্তর