আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এই টুর্নামেন্টকে কেবল শিরোপা জয়ের লড়াই হিসেবে নয়, বরং বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও দেখছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য আগেই ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে রয়েছেন সাব্বির রহমানসহ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। টুর্নামেন্ট সামনে রেখে মিরপুরে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ দল।
আশরাফুল মনে করেন, এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটারদের সামনে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘রাইজিং স্টার্স এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা উচিত। বিশ্বকাপের আগে এ ধরনের প্রতিযোগিতায় ভালো করতে পারলে দল নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়রা বিবেচনায় আসতে পারেন। তাই প্রত্যেকের উচিত ইতিবাচক মানসিকতা নিয়ে টুর্নামেন্টটিকে দেখা এবং নিজেদের সেরাটা দেওয়া।’
এদিকে টুর্নামেন্টে আপাতত সেমিফাইনাল কিংবা ফাইনাল নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। বরং ম্যাচ ধরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা কোচিং স্টাফের।
আশরাফুল বলেন, ‘প্রথম তিনটি ম্যাচ ভালো খেলতে পারলে ভারতের সঙ্গে হয়তো সেমিফাইনাল বা ফাইনালে দেখা হবে। তাই আপাতত প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি।’
উল্লেখ্য, এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন বাংলাদেশের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটাররা।