**স্বাস্থ্য ডেস্ক**

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা এবং শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। তাই লিভারের সুস্থতা বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।

তবে বিশেষ কোনো খাবার বা পানীয় গ্রহণ করলেই লিভার পরিষ্কার হয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত লিভার পুরোপুরি সুস্থ হয়ে ওঠে—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ, শরীরচর্চা এবং ক্ষতিকর অভ্যাস পরিহার করাই লিভার ভালো রাখার অন্যতম উপায়।

সম্প্রতি ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কয়েকটি খাবার ও অভ্যাসের বিষয়ে পরামর্শ দিয়েছেন।

**লিভারের জন্য উপকারী যেসব খাবার ও অভ্যাস**

চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা ও শরীর পরিষ্কারের নামে বাজারজাত বিভিন্ন পানীয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, লিভার নিজেই শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণের কাজ করে। তাই আলাদা করে ডিটক্স পানীয় গ্রহণের প্রয়োজন নেই।

অন্যদিকে, ব্ল্যাক কফিকে লিভারের জন্য উপকারী পানীয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, নিয়মিত কফি পান করার সঙ্গে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। একইভাবে লিভার ক্যানসারের ঝুঁকি কম থাকার সঙ্গেও কফি পানের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

লিভার সুস্থ রাখতে শুধু খাবার নয়, শারীরিক ব্যায়ামও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারোত্তোলন ও শক্তিবর্ধক ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে অতিরিক্ত চর্বি জমা কমাতে সহায়তা করতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে পেশির সুস্থতাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই চিকিৎসক।

খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আঁশজাতীয় খাবার রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। একই সঙ্গে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে।

এ ছাড়া ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধের সম্ভাব্য উপকারিতার কথাও উল্লেখ করেছেন সৌরভ শেঠি। তাঁর মতে, এসব ওষুধ ওজন কমানোর পাশাপাশি ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতেও সহায়ক হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এ ধরনের ওষুধ গ্রহণ করা উচিত নয়।

**ফ্যাটি লিভারে অশ্বগন্ধা গ্রহণে সতর্কতা**

ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন এই চিকিৎসক। তাঁর মতে, ফ্যাটি লিভার নিরাময়ে অশ্বগন্ধার কার্যকারিতার যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং কিছু বিরল ক্ষেত্রে অশ্বগন্ধা গ্রহণের সঙ্গে লিভারের ক্ষতির সম্পর্ক পাওয়া গেছে।

**অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন**

লিভারের পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার বিষয়েও পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। তাঁর মতে, শৌচাগারে বসে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করা ঠিক নয়। এতে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, যা পাইলসের ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়াও এ সমস্যা বাড়াতে পারে।

শিম ও ডালজাতীয় খাবার খাদ্যতালিকা থেকে বাদ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এসব খাবারে প্রচুর আঁশ থাকে, যা অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। পাশাপাশি আঁশসমৃদ্ধ খাবার কোলন ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।

চিকিৎসক আরও জানিয়েছেন, প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক, তা নিশ্চিত নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হওয়া কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।

এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ প্রয়োজনের অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এসব ওষুধের কারণে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে।

সব মিলিয়ে লিভার ও অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সুষম খাবার, পর্যাপ্ত আঁশ ও প্রোটিন গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূএঃযুগান্তর