জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের অধিবেশনের শুরুতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পবিত্র কোরআন তিলাওয়াতের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দিতে চান নাহিদ ইসলাম। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা সংসদে তুলে ধরতে উদ্যোগী হন।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। স্পিকার বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে আলোচনা হবে। কিন্তু আগে প্রশ্নোত্তর পর্ব শেষ করতে হবে।
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
এরপর স্পিকার বলেন, আধা ঘণ্টা অপেক্ষা করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সংসদ একটি নির্দিষ্ট কার্যপ্রণালির মধ্য দিয়ে পরিচালিত হয়। এ ছাড়া এ বিষয়ে জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীও তখন সংসদে উপস্থিত ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম পাল্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তাঁরা জানেন। তাঁরা কেবল নিজেদের বক্তব্য তুলে ধরতে চান, কোনো জবাব প্রত্যাশা করছেন না।
এরপর স্পিকার তাঁকে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়ে বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন।’
তখন নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’
জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’
পরে নাহিদ ইসলাম তাঁর বক্তব্য শুরু করেন। সংসদের কার্যক্রম শুরুর মুহূর্তে এই কথোপকথন ঘিরে অধিবেশনকক্ষে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সূএঃপ্রথম আলো