আবাসনসংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে পালিত হয়েছে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নেন। ধর্মঘটকে কেন্দ্র করে বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্পেনে গত ১৪ বছরের মধ্যে এটিই প্রথম সাধারণ ধর্মঘট। এর প্রভাবে দেশজুড়ে পরিবহনসহ বিভিন্ন সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে বার্সেলোনায় সমবেত হন ৫০ হাজারের বেশি মানুষ। বিক্ষোভ চলাকালে মুখোশধারী কয়েকজনকে ময়লার বিনে আগুন দিতে এবং বিভিন্ন দোকানের কাচ ভাঙচুর করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়েন। এ ছাড়া লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টাও করেন কেউ কেউ। শহরের কেন্দ্রস্থলে প্লাসা দে কাতালুনিয়া ও পাসেই দে গ্রাসিয়া এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় সেখানে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস ধর্মঘটে ব্যাপক মানুষের অংশগ্রহণকে সফলতা হিসেবে উল্লেখ করেছেন। আর ‘সিসি ওও’ সংগঠনের নেতা উনাই সোরদোও কর্মসূচিতে উল্লেখযোগ্য অংশগ্রহণের কথা জানিয়েছেন।
বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেন, কর্মসূচির বেশির ভাগ সময় পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তার ভাষ্য, বিক্ষোভে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও অংশ নিয়েছিলেন। তবে সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। ওই সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বলে জানান তিনি।
দিনের শুরু থেকেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যমের খবরে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার কথাও উঠে এসেছে।
মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছেন বলে দাবি করেন তিনি।
৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গোও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, স্পেনের আবাসন পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। মানুষের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে তা বহন করা কঠিন হয়ে পড়েছে।
সাশ্রয়ী আবাসনের সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে এ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর পেছনে আলোচনায় আসে মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনা। ওই নারী প্রায় ৭০ বছর ধরে ফ্ল্যাটটিতে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। বিপরীতে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ গড় বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়ায় ব্যয় করা উচিত নয়।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূএঃপ্রথম আলো