২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার করা একাধিক অভিযোগের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে অভিযোগগুলোর বিস্তারিত বুঝে নিয়ে যথাযথভাবে নিজের অবস্থান তুলে ধরতে কিছুটা সময় নিয়েছেন তিনি।
গত সপ্তাহে প্রকাশিত নিজের আত্মজীবনীতে আট বছর আগের সেই বিতর্কিত ঘটনা নিয়ে নতুন করে মুখ খুলেছেন উসমান খাজা। তার বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কামিন্সের জন্য।
বইয়ে খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তন এবং সুইং আদায়ের পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। এমনকি তৎকালীন অধিনায়ক প্যাট কামিন্সও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করেন খাজা।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকে অসম্মানজনক পরিস্থিতিতে দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্যদিকে, ২০২১ সালে কামিন্সসহ দলের তিন বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে জানিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না।
ঘরোয়া শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শুরুর আগে শুক্রবার নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন কামিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। উজির অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’
এদিকে, গত বুধবার নিজের আগের বক্তব্যে অটল থাকার কথা জানিয়েছেন মিচেল স্টার্ক। সাংবাদিকদের তিনি বলেন, ‘অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি। মাঠে কী ঘটেছে, তা আমরা জানতাম না।’
স্টার্ক আরও বলেন, মাঠে বল নিয়ে কোনো ধরনের কারসাজি করা হচ্ছে, সে বিষয়ে তারা অবগত ছিলেন না। এ বিষয়ে এর বেশি কিছু বলতে চান না বলেও জানান তিনি।
এখন পর্যন্ত নতুন করে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। তবে এ ঘটনায় কামিন্সের অধিনায়কত্ব বা চাকরি নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন।
দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বুন বলেন, ‘আমরা প্যাটকে পুরোপুরি সমর্থন করি।’ অতীতের বিতর্কে আটকে না থেকে দলের সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বুন আরও বলেন, উসমান খাজার দৃষ্টিভঙ্গি এবং সে সময়ের ঘটনা সম্পর্কে তার স্মৃতিকে তিনি সম্মান করেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ‘একজনের বক্তব্যের বিপরীতে আরেকজনের বক্তব্য’ নিয়ে বিতর্কে জড়াতে চায় না। তার মতে, কিছু সমর্থক খাজার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেন, আবার সংশ্লিষ্ট খেলোয়াড়দের কারও কারও স্মৃতি ভিন্ন হতে পারে। তাই এ নিয়ে নতুন করে বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন দেখছেন না তারা।