পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। কারাগারে থাকা এই নেতার রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ইমরান খান মানসিকভাবে সচেতন ও দৃঢ় রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান আইনজীবী সরদার লতিফ খোসা। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর প্রকাশ করেছে।
ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ খোসা। তিনি জানান, তাঁদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তাঁর বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, শারীরিকভাবে অসুস্থ থাকলেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন রয়েছেন। তাঁর মনোবলও অটুট রয়েছে বলে জানান লতিফ খোসা।
এদিকে কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন সমর্থক ও রাজনৈতিক মহল।
সূএঃযুগান্তর