সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। এ রায়কে নারীর প্রতি সহিংসতা ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

মুথোনি জানান, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। পরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আইনি জটিলতায় পড়েন তিনি।

জানা গেছে, সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়া নারীদের অনেকেই গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করেন। মুথোনির ক্ষেত্রেও বিষয়টি প্রকাশ্যে আসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর। দেশটির নিয়ম অনুযায়ী, অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে অবহিত করা হাসপাতাল কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক।

গত মাসে আদালতের রায়ের পর দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, তিনি এমন শাস্তি পাওয়ার যোগ্য নন। ১০০ বেত্রাঘাতের শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারবেন কি না, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এ রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাজা কার্যকর না করে মুথোনিকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের যে দাবি করা হয়, এ ধরনের রায় তার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, ২০২০ সালে সৌদি আরব বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করে। তবে ইসলামি আইনে নির্ধারিত হুদুদ অপরাধের ক্ষেত্রে এ শাস্তির বিধান এখনো বহাল রয়েছে। ব্যভিচারও এ ধরনের অপরাধের অন্তর্ভুক্ত।

এদিকে অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ‘ডু বোল্ড’ জানিয়েছে, বেত্রাঘাতের সাজা কার্যকর হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

সংগঠনটি আরও বলেছে, সৌদি আরবের কঠোর কাফালা শ্রমব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা তাঁদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেন এবং চলাফেরাসহ বিভিন্ন বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ফলে নির্যাতন বা আইনি জটিলতার মুখে পড়লেও অনেক গৃহকর্মী প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।
সূএঃপ্রথম আলো