ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা চলছে। কোচ পরিবর্তনের পাশাপাশি দল পুনর্গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে অন্তত ১১ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান কোচ মাইকেল ক্যারিকের পরিবর্তে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইউনাইটেডের। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা পচেত্তিনোও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী। দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত শর্ত নিয়ে আলোচনাও অনেকটা এগিয়েছে।

তবে পচেত্তিনোকে দলে ভেড়াতে যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে ইউনাইটেডকে। একই সঙ্গে তার চুক্তিতে থাকা রিলিজ ক্লজের অর্থও পরিশোধ করতে হবে ইংলিশ ক্লাবটিকে।

এদিকে নতুন কোচ নিয়োগের আলোচনা চললেও ক্যারিংটনে এখনো দলের অনুশীলন পরিচালনা করছেন মাইকেল ক্যারিক। তবে যেকোনো সময় তার বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে রেলিগেশন জোনের ঠিক ওপরে ১৮ নম্বরে রয়েছে দলটি। কারাবাও কাপ থেকেও শুরুতেই বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচে জয় পেয়েছে মাত্র দুটিতে।

আন্তর্জাতিক বিরতি শেষে পরবর্তী ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে রেড ডেভিলদের। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও অসন্তোষ বাড়ছে ক্লাবের ভেতরে।

ক্রীড়া সাংবাদিক ডিন জোন্সের প্রতিবেদন অনুযায়ী, দল পুনর্গঠনের পরিকল্পনায় লুক শ, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ড ও মানুয়েল উগার্তেসহ অন্তত ১১ জন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কাদের শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
সূএঃযুগান্তর