বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের যাতায়াত সহজ করতেই এ পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের কাজ শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে বিভিন্ন উন্নত দেশের ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।
**পর্যটক ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’**
নতুন নীতিতে পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এখন থেকে পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সও এ ভিসার আওতায় আসবে।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, ভি-২ ভিসা তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এতে পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও থাকবে।
**চিকিৎসা ভিসায় একাধিকবার প্রবেশের সুযোগ**
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ভারত। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য আলাদা ভিসার ব্যবস্থা করা হয়েছে।
এম-১ ভিসা দেওয়া হবে প্রচলিত চিকিৎসার জন্য। অন্যদিকে, আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা নিতে আগ্রহীদের দেওয়া হবে এম-৩ ভিসা। উভয় ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে।
রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও পৃথক ভিসা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীর সঙ্গীরা পাবেন এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারীর সঙ্গীদের জন্য থাকবে এম-৪ ভিসা।
ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি নাগরিকেরা উপকৃত হবেন। এতে বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হয়েছে।
**শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা ভিসা**
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়বেন।
অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পেতে পারেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
**ব্যবসায়িক ভিসায় নতুন শ্রেণিবিন্যাস**
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরা আসবেন।
অন্যদিকে, বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রমের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।
এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যেতে পারে। এ ভিসার জন্য ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
**১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা**
বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পাচ্ছেন।
নতুন নীতি কার্যকর করতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ব্যবস্থার পরিবর্তন করছে ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।
সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান নয়টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল সদস্য এবং অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন এ সংস্কারের ফলে বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার। বিশেষ করে পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ভারতে যেতে আগ্রহীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
**সূত্র: দৈনিক যুগান্তর।