পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য নিশ্চিত করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের একটি দল যাচ্ছিল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।
হামলার পর পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কি না, কিংবা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।