২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে আলোচিত বল টেম্পারিং কাণ্ডের নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজার সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের পর আট বছর আগের এই ঘটনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
উসমান খাজা সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ দাবি করেছেন, কেপ টেস্টের বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু কয়েকজন ক্রিকেটার নয়, অস্ট্রেলিয়ার পুরো দলই কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।
খাজার এমন দাবির পর বিষয়টি নতুন করে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ক্লার্ক। তার মতে, আট বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার প্রকৃত সত্য পুরোপুরি সামনে আসেনি। এতে অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকদের মধ্যে এখনো নানা প্রশ্ন ও সংশয় রয়েছে।
২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃত করার ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, দলের বোলাররা স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে অবগত ছিলেন না।
ক্লার্কের মতে, এবার সংশ্লিষ্ট সবার সামনে প্রকাশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া উচিত। এতে প্রকৃত ঘটনা পরিষ্কার হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বিতর্কেরও অবসান ঘটতে পারে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকেরা পুরো বিষয়টি নিয়ে নিশ্চিত ধারণা পাবেন।