# আইপিএল নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজসহ যেসব বাংলাদেশি ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, ডানহাতি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন তিনি। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করে।

এর জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এবারের নিলামের জন্য নতুন করে নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের এই মিনি নিলাম।

নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের নিবন্ধনের তালিকা চেয়েছিল বিসিসিআই। মোস্তাফিজ ছাড়াও হাসান মাহমুদ, নাহিদ রানা ও রিশাদ হোসেনের নাম জমা পড়েছে। এ ছাড়া বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন কেবল মোস্তাফিজুর রহমান।