ডান উরুর পুরোনো চোটের সমস্যা নতুন করে দেখা দেওয়ায় ফ্রান্স জাতীয় ফুটবল দল থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বৃহস্পতিবার ইতালির বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের মুখোমুখি হবে দলটি। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে খেলতে পারবেন না চুয়ামেনি।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এফএফএফ জানায়, গত বিশ্বকাপের সময় ডান উরুতে যে চোট পেয়েছিলেন, একই জায়গায় আবারও অস্বস্তি অনুভব করছেন এই মিডফিল্ডার। বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াল মাদ্রিদের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা এবং তার আগের চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে তাকে ক্লাবে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সঙ্গে মঙ্গলবার রাত পর্যন্ত অবস্থান করার পর বুধবার মাদ্রিদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে চুয়ামেনির। তার পরিবর্তে নতুন কাউকে দলে ডাকেনি ফ্রান্স।

চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠের দায়িত্ব সামলাতে হতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহাকে। ফলে আসন্ন দুই ম্যাচে ফ্রান্সের মাঝমাঠের সমন্বয় ধরে রাখা কোচের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।