রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ আরও ৮ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ।
এ ছাড়া অভিযানে ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে অপরাধসংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সূত্র: ডিএমপি