ইসরাইলের বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একাধিক নীতি ও আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি।সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। তিনি সরকার গঠনে সফল হলে ইসরাইলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে।

পার্লামেন্টে নেতানিয়াহু বিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারবে বিরোধী জোট। এ সুযোগ কাজে লাগিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তারা।

প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারণ এবং নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন বাতিল করা। এ ছাড়া বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

এদিকে বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু বিরোধী জোট। এ পদে আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য তোলা হবে, তা নির্ধারণে স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এ পদে পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জোট টি।

অন্যদিকে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি আইজেনকোট। তবে এ জন্য দলগুলোকে ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত দিয়েছেন তিনি।

এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। আরব রাজনীতিকদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু প্রশ্ন তোলেন তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর বক্তব্যকে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহুর আর এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয়। এ ঘটনার পর লিকুদ পার্টির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি।

এদিকে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চললেও নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভা আপাতত ক্ষমতায় থাকছেন। আইজেনকোট সরকার গঠন করতে না পারা পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: এনবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস ও টাইমস অব ইসরাইল।