ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৮৭৪টি স্থল ও বিমান হামলা চালানোর দাবি করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী। এসব হামলায় প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস হয়েছে হুথিদের প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম।
‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
তিনি জানান, নির্ধারিত ২৪ ঘণ্টায় হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ২৯টি বিমান হামলা ও ৩৯টি ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর রকেট লঞ্চার ইউনিট ৬২ বার এবং ফিল্ড আর্টিলারি ইউনিট ৭৪৪ বার গোলাবর্ষণ করেছে।
সেনাবাহিনীর দাবি, এসব হামলায় হুথিদের সামরিক অবস্থান, যোদ্ধাদের সমাবেশ, নতুন করে মোতায়েন করা সেনা এবং সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়। এতে বেশ কয়েকটি অবস্থানকেন্দ্র ও সুরক্ষিত স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্নেল আল-নুজাইলি আরও জানান, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সরকারি বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কয়েকটি এলাকা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এসব ফ্রন্টে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ ও ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর সদস্যরা অভিযান চালাচ্ছেন। এ ছাড়া উত্তরের আল-জওফ ও মারিব এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে আল-বাদা এলাকায় ‘শাবওয়া ডিফেন্স ফোর্সেস’ এবং তাইজ অঞ্চলে সরকারি বাহিনীর পাশাপাশি পপুলার রেজিস্ট্যান্সের সদস্যরা হুথিদের বিরুদ্ধে লড়াই করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান পরিচালনার সময় বেসামরিক নাগরিক ও তাদের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে গত ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করেছে সরকারি বাহিনী।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য ইয়েমেনি সেনাবাহিনীর দাবি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আরব নিউজ