ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। দলের কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচটি জিততে না পারার আক্ষেপ রয়ে গেছে তাঁর মনে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন হৃদয়। তিনি বলেন, দলের সংকটময় মুহূর্তে অবদান রাখতে পেরে ভালো লাগছে। তবে জয় পেলে আনন্দটা আরও বেশি হতো।
হৃদয়ের ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’
নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলতে পারবেন, এমন ধারণা আগে ছিল না বলেও জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর মতে, প্রত্যেক ক্রিকেটারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তিনিও নিজের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করেছেন।
এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি।’
ব্যক্তিগত মাইলফলক নিয়েও অতিরিক্ত আক্ষেপ করতে চান না হৃদয়। আড়াইশ কিংবা ব্যক্তিগত কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারার বিষয়টি নিয়ে হতাশ না হয়ে আল্লাহর দেওয়া অর্জনের জন্য কৃতজ্ঞ থাকতে চান তিনি।
হৃদয় বলেন, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’
এ সময় মাঠে দর্শকদের উপস্থিতি ও সমর্থনের গুরুত্বও তুলে ধরেন তিনি। হৃদয়ের মতে, দেশের হয়ে খেলতে নামলে সমর্থকদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। পাঁচ দিন ধরে গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের উৎসাহ দেওয়া শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো দলকেই অনুপ্রাণিত করে।
তিনি বলেন, ‘টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’
ম্যাচের ফল নিজের পক্ষে না এলেও ২৪২ রানের ইনিংস দিয়ে আলোচনায় উঠে এসেছেন তাওহীদ হৃদয়। তাঁর এই পারফরম্যান্স বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।