ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, পতিত ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ছাত্রলীগের ডাকা আজকের হরতালে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশেষ করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসকেও সরকার পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারেনি। একথা স্পষ্ট যে, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে।
সরকার জুলাই সনদের বাস্তবায়ন না করে ফ্যাসিবাদকে প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছেন বলেও মন্তব্য করেন ডিএসসিসির মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করীম।
সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থানকে সরকার যেভাবে হ্যান্ডেল করছে, তাতে আমরা শংকায় আছি প্রকৃত জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা কি সরকার আদৌ দিতে পারবেন? এরকম কুসুম কুসুম প্রতিরোধের তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুর রাজ্জাক, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, হাফেজ সালাহউদ্দিন, বেলাল হোসেন আরিফ, টি এম মাহফুজ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক নেছার উদ্দিন, ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।