চতুর্থ দিন শেষ বিকেলেই বোঝা গিয়েছিল, বাংলাদেশের সামনে বড় লক্ষ্য সেট করেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ। ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবার আগ্রহের বিষয়, পঞ্চম দিন কত রানের লিড নিয়ে তারা ব্যাটিং ছাড়বে?

বাংলাদেশের ধরা-ছোঁয়ার বাইরে গিয়ে যে ইনিংস ঘোষণা করবে, এটা ছিল নিশ্চিত। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বড় লক্ষ্য স্থির করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো ক্যারিবীয়রা।

ইনিংস ঘোষণা করার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩৯৮। লিড দাঁড়িয়েছিল ৩৬৮ রান। আজ দিনের শুরুতেই তিনটি উইকেট হারিয়েছিল তারা। আউট হন কাভেম হজ, জাস্টিন গ্রিভস ও শামার জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজ দিনের খেলা বাকি যা আছে তা দিয়ে জয়ের চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের সামনে জয়ের কোনো সম্ভাবনা থাকবে না। বরং, ম্যাচ বাঁচিয়ে ড্র করাটাই হবে বড় লক্ষ্য।

৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সকালের আদ্র আবহাওয়ায় শুরুতেই সেঞ্চুরিয়ান কাভেম হজর উইকেট তুলে নেন স্পিনার নাঈম হাসান।

আগের ১৪০ এর সঙ্গে আর মাত্র ২ রান যোগ করতে পেরেছিলেন তিনি। নাঈমের বলে ১৯৪ বলে ১৪২ রানে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কাভেম হজ। এ সময় দলের রান ছিল ৩৫০ রান।

এরপর ক্যারিবীয় ব্যাটিংয়ে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৯ রান করা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর শিকার করেন মিরাজ। এ সময় দলের রান ছিল ৩৬৯ রান।

দলীয় ৩৭২ রানের মাথায় আউট হন শামার জোসেফ। তার উইকেট তুলে নেন নাঈম হাসান। ৩ বলে ১ রান করেন জোসেফ। এরপর উইকেটে নেমে দ্রুত রান তোলেন জসুয়া বিশপ। ১১ বলে ২০ রান করেন তিনি। ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

সূত্র: জাগো নিউজ