ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থাটি চিঠিটি দেখার সুযোগ পেয়েছে বলেও উল্লেখ করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এর আগে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে দেশে ফিরতে চান।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে তার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা দেশের বাইরে অবস্থান করছেন, অন্যদিকে কয়েকজন কারাগারে রয়েছেন।
রয়টার্সকে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা চলার মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তার দেশে ফেরার বিষয়টি সেই সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।
তবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন গ্রহণ করা হয়েছে কি না কিংবা এসব নথি ইস্যুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।