দীর্ঘ ১৫ বছর পর আবারো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক সুলায়মানিয়া কমপ্লেক্সে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্য মতে, গত ৬ নভেম্বর দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে সংস্কার করা উসমানীয় আমলের মসজিদটিতে নামাজ আদায়ে সমবেত হন বিপুলসংখ্যক মুসল্লি।
এক সময় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত ১৬ শতকের এই ঐতিহাসিক স্থাপনাটি স্থানীয়ভাবে ‘তেক্কিয়ে মসজিদ’ নামেও পরিচিত। ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরুর পর মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় ধরে সেখানে নামাজ আদায় বন্ধ ছিল।
সম্প্রতি সংস্কারকর্মীরা মসজিদটির কাঠামোগত ক্ষয়ক্ষতি মেরামত এবং ঐতিহাসিক স্থাপনাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যাপক কাজ করেন। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর ধর্মীয় কর্তৃপক্ষ সেখানে নিয়মিত সাপ্তাহিক নামাজ পুনরায় চালুর অনুমতি দেয়।
গত শুক্রবার জুমার নামাজে অংশ নিতে মসজিদের নামাজের কক্ষ ও খোলা চত্বর মুসল্লিদের ঢল নামে। এক দশকেরও বেশি সময় পর প্রিয় ধর্মীয় স্থানে ফিরে আসতে পেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্সাহ দেখা যায়।
অনেকের মতে, দীর্ঘ যুদ্ধের পর সিরিয়ার রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার ক্ষেত্রে মসজিদটির পুনরায় চালু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও দেশটির বহু ঐতিহাসিক স্থাপনা এখনো বন্ধ রয়েছে কিংবা সংস্কারের অপেক্ষায় আছে।
(সূত্র : ইয়েনি শাফাক ডটকম)