১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদেছিলেন বলে জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী। তার মতে, ওই ঘটনা থেকেই ভারতের ধর্মনিরপেক্ষতা রক্ষার দীর্ঘ ও কঠিন লড়াইয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল।

শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সোনিয়া গান্ধী বলেন, বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তখনই উপলব্ধি করেন, ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শ রক্ষায় দেশকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাদের সহকর্মীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা রক্ষায় দেশ কঠিন পরীক্ষার মুখে পড়েছে।

বাবরি মসজিদ ধ্বংসের পেছনে তৎকালীন রামজন্মভূমি আন্দোলন এবং বর্তমান ক্ষমতাসীন বিজেপির ভূমিকার বিষয়টিও তুলে ধরেন সোনিয়া। তিনি আরও স্বীকার করেন, ভারতে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদের উত্থানের পেছনে কংগ্রেসেরও ভূমিকা রয়েছে।

এদিকে সোনিয়ার বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে কটাক্ষ করে কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ ও ‘বাবরপন্থি’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, এ ধরনের অবস্থানের কারণে কংগ্রেসের ভোটব্যাংক আরও কমবে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন এর প্রভাব অব্যাহত থাকে।

বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সেখানে নির্মিত রামমন্দিরের উদ্বোধন করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান